নয় পাগলের ভ্রমণগাথা ২০২৩ এর এপ্রিল মাস, ভয়ঙ্কর গরম চলছে I নয়টি বুড়োবুড়ির মাথায় খেয়াল চাপলো এই গরমে কোথাও একদিন ঘুরে এলে কেমন হয়। পাগলগুলো বলে কিনা এখানেতো বাড়ী বসে গরমে কষ্ট পাচ্ছি। কোথাও বেড়াতে গেলে সেখানে গিয়েই নাহয় কষ্ট পাব। সাথে বেড়ানটাতো হবে। তা এরা যদি পাগল না হয় তো পাগল কাদের বলা যায়। যেমন ভাবা তেমন কাজ। সবাই মিলে উৎসাহে ঝাঁপিয়ে পড়ল। গন্তব্য স্থির হোলো বকখালি। এক বুড়ো তার এক চেনা হোটেলে থাকার ব্যবস্থা করে ফেলল ফোনাফুনি করে। আরেক বুড়ো বাতানুকুল বাহনের ব্যবস্থা করে ফেলল চটপট। এই বুড়োগুলো যখন ছোট্টটি ছিল তখন একসাথে স্কুলে পড়ত। কাজেই সবাই মিলে একসাথে বাতানুকুল বাসে নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে চলল বকখালি। পথে বাস দাঁড়াল ডায়মন্ডহারবারে সরকারি হোটেল সাগরিকাতে। জমিয়ে ব্রেকফাস্ট করল সবাই মিলে। তারপর বাস আবার রওনা হোলো বকখালির দিকে। বাসে ওঠার আগে অবশ্য কয়েকটা বুড়ি ডায়মন্ডহারবারের বিখ্যাত বেতের টুপী কিনে নিল...